মালয়েশিয়ায় পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টাকালে ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মানব পাচার চক্রের ৭ সদস্যকে আটক করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় মানবপাচারকারীরা ভিকটিমদের মালয়েশিয়াগামী ট্রলারে তোলার প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

উদ্ধার হওয়া ভিকটিমদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত মানবপাচার চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

উদ্ধার হওয়া ভিকটিমদের পরিচয় নিশ্চিত করে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।