নির্বাচনে সমান সুযোগ তৈরি হয়নি : বামজোট

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

চলমান পরিস্থিতিতে নির্বাচনের মাঠে টিকে থাকতে যে ধরনের সমান সুযোগ প্রয়োজন, তা এখনো তৈরি হয়নি বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট।  গতকাল সোমবার দুপুরে ঢাকায় নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় বাম জোটের প্রার্থীদের ওপর হামলা করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।  কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রার্থীরা পোস্টার বা নির্বাচনী প্রচারণায় গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীরও।  এই পরিস্থিতিতে নির্বাচনে টিকে থাকার জন্য নির্বাচন কমিশনের শক্তিশালী ভূমিকা প্রয়োজন।’

নির্বাচন কমিশনের (ইসি) শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করে সিপিবি সম্পাদক বলেন, “আমরা এখনো কমিশনের ওপর আস্থা রাখতে চাই।  কিন্তু কমিশনের ‘বডি ল্যাঙ্গুয়েজ’ শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য পর্যাপ্ত নয়।  যেসব নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসারের ভূমিকা শক্তিশালী, সেখানে অনিয়মের ঘটনা তুলনামূলক কম।  আমাদের এ বক্তব্যের সঙ্গে নির্বাচন কমিশনও একমত।”

এর আগে ইসি সচিবের কাছে সিপিবির চিঠিতে সারা দেশের ১৩টি আসনে বাম জোটের প্রার্থীদের প্রচারে আওয়ামী লীগ-ছাত্রলীগের বাধা, নেতাকর্মীদের মারধর ও পোস্টার-লিফলেট-ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত