অস্ট্রেলিয়ার সামনে সমতার হাতছানি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

প্রথম ইনংসে ৫ উইকেট নিয়েছিলেন নাথান লায়ন। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি এবং মুরালি বিজয়কে আউট করেছেন। পার্থে যদি অস্ট্রেলিয়া আজ জিতে যায় তাহলে সিংহভাগ কৃতিত্ব পাবেন লায়ন। কারণ সিরিজে সমতায় ফেরার মঞ্চ মূলত তিনিই প্রস্তুত করেছেন। অথচ পার্থের উইকেট গতি আর বাউন্সসহায়ক। পেসাররাই শুধু ভয়ংকর হয়ে উঠবেন এমনটা ভাবা হয়েছিল। দুই দলের পেসাররা ভালো করেছেন। তবু পার্থ টেস্টের চার দিন শেষে নায়ক কিন্তু লায়নই। শেষ দিনের স্বীকৃতিটুকু পেতেই যা বাকি।

ম্যাচ পরিস্থিতিই জানান দিচ্ছে হারতে চলেছে ভারত। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১১২ রান তুলেছে তারা। এখনো পিছিয়ে আছে ১৭৫ রানে। স্বীকৃত ব্যাটসম্যান বলতে হানুমা বিহারি এবং ঋষভ পন্ত। ভারতীয় টেলএন্ডারদের কাছে ভরসা করার কিছু নেই। অনেক দিন ধরেই তারা আসা-যাওয়ার মধ্যে আছে। তাছাড়া চতুর্থ ইনিংসে রান তাড়া করার ইতিহাসও ভারতের বিপক্ষে।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৪৩ রানে অলআউট হয়। খাজা ৭২ রান করেন। এক পর্যায়ে ৪ উইকেটে ১৯২ রানে পৌঁছে গিয়েছিল স্বাগতিকরা। এরপর শামি ঝড়ে উড়ে যায় তারা। ৫৬ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছেন এ পেসার। অজিরা তারপরও ভারতের সামনে ২৮৭ রানের টার্গেট দেয়। ২০১৪ সালের শুরু থেকে ১২৪ বারের চেষ্টায় মাত্র ছয়টি দল সফলভাবে চতুর্থ ইনিংসে দুইশোর বেশি রান তাড়া করে টেস্ট জিততে পেরেছে। ৫ উইকেট পড়ে যাওয়ার পর ভারত সপ্তম দল হিসেবে সফলদের তালিকায় নাম লেখাতে পারবে বলে কেউ নিশ্চিত হতে পারছে না। তাছাড়া পার্থের উইকেট বলে কথা! চতুর্থ ইনিংসে যেকোনো রান এই উইকেটে বড় স্কোর।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩২৬/১০ ও ২য় ইনিংস : ২৪৩/১০ (খাজা ৭২, পেইন ৩৭, ফিঞ্চ ২৫, হ্যারিস ২০; শামি ৬/৫৬, বুমরাহ ৩/৩৯)।

ভারত ১ম ইনিংস : ২৮৩/১০ ও ২য় ইনিংস : ১১২/৫ (রাহানে ৩০, কোহলি ১৭, বিহারি ২৪ ব্যাটিং, পন্ত ৯ ব্যাটিং; হ্যাজেলউড ২/২৪, লায়ন ২/৩০)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত