জয়ের পথে নিউজিল্যান্ড

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে মার্টিন ক্রো, লু ভিনসেন্ট এবং কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। গতকাল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের ওপেনার টম ল্যাথাম। তার ক্যারিয়ারসেরা অপরাজিত ২৬৪ রানে নিউজিল্যান্ড প্রথম ইনিংস শেষ করে ৫৭৮ রানে। ২৯৬ রানের লিড পায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত টিকে ছিলেন ল্যাথাম। এর আগে ১৯৭২ সালে কিউইদের পক্ষে গ্লেন টার্নার করেছিলেন এই রেকর্ড।

স্কোরবোর্ডে ২ উইকেটে ৩১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ব্ল্যাক ক্যাপসরা। প্রথম ওভারেই রস টেলরকে ফেরান লাহিরু কুমারা। এরপর ১১৪ রানের জুটি গড়েন ল্যাথাম এবং হেনরি নিকোলস। ৪১২ বল খেলে নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এ ওপেনার। দলীয় ৪৯৯ রানে গ্র্যান্ডহোম (৪৯) ফিরে গেলে টেলএন্ডারদের নিয়ে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে যান ল্যাথাম। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও শুরুতেই বিপর্যয়ে পড়ে সফরকারীরা। ১৩ রানে প্রথম ৩ উইকেট হারায় লঙ্কানরা। দিন শেষে তাদের রান ৩ উইকেটে ২০। তৃতীয় দিন শেষে পিছিয়ে ২৭৬ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত