থানায় রাখা ১ হাজার লিটার মদ খেল ইঁদুর!

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:১৩ পিএম

বোতলের পর বোতল মদ খেয়ে সাবাড় করে ফেলেছে ইঁদুর। বিশ্বাস হয়! তাও হাজারেরও বেশি লিটার মদ। এমনটাই ঘটেছে বলে দাবি করেছে ভারতের উত্তরপ্রদেশের বরেলির ক্যান্টনমেন্ট থানার পুলিশ।

শনিবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বুধবার এ ঘটনা প্রকাশ্যে আসে।  পুলিশ জানায়, কয়েক দিন আগে থানার গুদামে একটি কুকুর ঢুকে পড়ে। সেটি বের হয়ে না আসায় সেখানেই তার মৃত্যুর হয় বলে ধারণা করেন তারা। মৃত কুকুরের বের করার জন্য বুধবার গুদামের দরজা খোলা হয়। এতে দেখা যায় কয়েক গ্যালন মদের বোতল গায়েব।

গত কয়েক মাসে বিভিন্ন বেআইনি দোকান থেকে এসব মদ বাজেয়াপ্ত করা হয়েছিল। থানার ভেতর থেকেই মদ গায়েব হওয়ার ঘটনা জানাজানি হলে পুলিশ দায় চাপিয়েছে ইঁদুরের ওপর।

ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশনের হেড ক্লার্ক নরেশ পাল জানান, তিনিই প্রথম গুদামঘরের দরজা খোলেন। ভেতরে ঢুকতেই তিনি মদের বোতলের পাশে অনেক ইঁদুরকে ঘুরে বেড়াতে দেখেন।

নরেশ আরও জানান, বাজেয়াপ্ত করার পর নিয়ম হলো কয়েক মাসের মধ্যেই তা নষ্ট করে ফেলা। কিন্তু ওপরের মহলে কয়েকবার চিঠি পাঠানোর পরেও তা নষ্ট করার নির্দেশ আসেনি তাদের কাছে।

এদিকে বরেলির পুলিশ সুপার অভিনন্দন সিং এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সত্যি এটা ইঁদুরের কাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বরেলি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত এক অধ্যাপক জানান, জলের খোঁজে ইঁদুর হয়তো প্রাথমিকভাবে মদ খেতে পারে। কিন্তু যে পরিমাণে মদ খাওয়ার অভিযোগ এখানে আনা হচ্ছে তা কখনোই সম্ভব নয়। কারণ এত বেশি পরিমাণ অ্যালকোহল ইঁদুর পছন্দ করার কথা না।

তার মতে, এ মদ কেউ হয়তো চুরি করেছে। পুলিশের মধ্যে কেউ এক কাজ করতে পারে। দায় এড়াতে তাই ইঁদুরের ওপর দোষ চাপানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত