২০১৮ মোটেও ভালো কাটেনি সঞ্চালক ও কৌতুক অভিনেতা কপিল শর্মার। তবে বছরের একদম শেষে ছন্দ ফিরে পেয়েছেন। সনি চ্যানেলে আবার নতুন করে শুরু হয়েছে ‘দ্য কপিল শর্মা শো’। পাশাপাশি দীর্ঘদিনের বান্ধবী গিন্নি ছত্রাতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন। জীবনটাকে ঠিকঠাক গুছিয়ে নিলেও আর্থিক দিক থেকে তাকে অনেক নিচে নামতে হয়েছে। জানা গেছে, একেবারেই কম পারিশ্রমিকে ‘দ্য কপিল শর্মা শো’ সঞ্চালনা করছেন তিনি।
এদিকে আর্থিক দিক থেকে বড় ক্ষতির মুখে পড়েছেন তিনি। প্রায় ৫০ লাখ রুপির ঝটকা! তবে এই ক্ষতি তিনি মুখ বুজে সহ্য করছেন। কারণ কপিল শর্মা এবার অনুষ্ঠানটি সালমান খানের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছেন। এর আগে ‘দ্য কপিল শর্মা শো’ তিনি নিজেই প্রযোজনা করেছেন।
২০১৬ সালে কপিল শর্মা প্রতি পর্বের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৬০ থেকে ৮০ লাখ রুপি। কিন্তু এখন এক ধাক্কায় ১৫ লাখ রুপিতে নেমে এসেছে। অনুষ্ঠানটিতে এবার কপিলের সঙ্গে আছেন সিং আর কৃষ্ণা। তারা পাচ্ছেন প্রায় ১২ লাখ রুপি।