কাজে না ফিরলে কারখানা বন্ধ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০১:৫৫ এএম

আজ সোমবার কাজে না ফিরলে পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, শ্রমিকরা যতদিন কাজে না ফিরবে, ততদিনের মজুরিও পাবে না তারা। গতকাল রবিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা কর্মস্থলে ফিরে যান, উৎপাদনকাজে অংশগ্রহণ করুন। আর যদি আগামীকাল (সোমবার) থেকে আপনারা কারখানায় কাজ না করেন, তা হলে আপনাদের কোনো মজুরি প্রদান করা হবে না এবং ওই কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।’

শ্রম আইনের ওই ধারায় বলা আছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন, এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবে না।

সংবাদ সম্মেলনে একপাশে এফবিসিসিআইর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, অন্যপাশে বিজিএমইএর সাবেক দুই সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও মো. আতিকুল ইসলামকে নিয়ে বসে সিদ্দিকুর রহমান বলেন, মজুরি কাঠামোর অসামঞ্জস্যতা দূর করতে গঠিত কমিটি এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, বার্ষিক ইনক্রিমেন্ট সমন্বয়ের পর কোনো শ্রমিকের মূল বেতন বা মোট মজুরি নতুন কাঠামোতে কম হবে না। ওই সভায় থাকা শ্রমিক প্রতিনিধিরাও শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন। তবু শ্রমিকরা কারখানা ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগসহ জনজীবনে বাধার সৃষ্টি করছে। তিনি বলেন, নতুন মজুরি কাঠামো নিয়ে শ্রমিকদের ভিন্নমত রয়েছে। সমস্যা সমাধানে সরকার গঠিত ত্রিপক্ষীয় কমিটি কাজ করছে। তার জন্য আন্দোলন, ভাঙচুর করার প্রয়োজন নেই। কোনো যৌক্তিকতাও নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত