সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গত বুধবার শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার দেওয়া আদেশে আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম মাহবুবউদ্দিন খোকন ও সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। গত সোমবার হাইকোর্টে রিট আবেদনটি করা হয়।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা আদালতে এই যুক্তি তুলে ধরেছি যে আবেদনটি রক্ষণীয় নয়। আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে।’
রিটকারীর আইনজীবী এম মাহবুবউদ্দিন খোকন গণমাধ্যমকে জানান, তারা হাইকোর্টের অন্য একটি বেঞ্চে নতুন করে আবেদনটি উপস্থাপন করবেন। একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অসাংবিধানিক দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে গত ৮ জানুয়ারি স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিস পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। নোটিসে বলা হয়, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। কিন্তু সংবিধানের ওই অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেওয়ায় বর্তমানে দুটি সংসদ বহাল রয়েছে এবং এটি সংবিধান পরিপন্থি। নোটিসের জবাব না পাওয়ায় রিট আবেদনটি করা হয়।
