নটী বিনোদিনী চরিত্রে বিদ্যা বালান

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১০:৩৫ এএম

সেই ২০০৫ সালের কথা। প্রদীপ সরকারের ‘পরিণীতা’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিদ্যা বালানের। এখন তিনি হিন্দি সিনেমা জগতের বিখ্যাত নায়িকা।

মিড ডে’র এক প্রতিবেদনে জানা যায়, ১৪ বছর পর প্রদীপ ও বিদ্যার একসঙ্গে কাজের সম্ভাবনা তৈরি হয়েছে। উপলক্ষ বাংলা রঙ্গমঞ্চের বিখ্যাত অভিনেত্রী বিনোদিনী দাসীর বায়োপিক।

নটী বিনোদিনী নামে পরিচিত এ অভিনেত্রী ১৮ শতকের শেষ দিকে গিরিশ চন্দ্র ঘোষের নাটকে অভিনয় করে পরিচিতি পান। কালজয়ী অনেক চরিত্রে এক দশকের বেশি সময় কলকাতার থিয়েটারে অভিনয় করেন। তার জীবন ছিল বহু নাটকীয়তায় ভরা।

ইতিমধ্যে নটী বিনোদিনীর জীবনীর নাম ভূমিকায় অভিনয়ের জন্য বিদ্যা বালানকে প্রস্তাব দিয়েছেন প্রদীপ। এ ধরনের চরিত্রে যেমন শক্তিশালী অভিনয় দরকার, সে ক্ষমতা বিদ্যার রয়েছে। সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য দিয়েছে।

নটী বিনোদিনীর আত্মজীবনী ‘আমার কথা’ অবলম্বনেই লেখা হচ্ছে সিনেমাটির চিত্রনাট্য। যেখানে উঠে আসবে প্রেম, বিশ্বাসঘাতকতা ও অভিনয় জীবনের গল্প।

সিনেমাটি প্রযোজনা করবেন বসন্ত ঠাকুর। তিনি জানান, ছবি নির্মাণের জন্য বইটির স্বত্ব তার কাছে রয়েছে। তবে পরিচালক ও অভিনেত্রীর বিষয়ে নিশ্চয়তা দেননি। অন্যদিকে, প্রদীপ সরকারও জানান সিনেমাটি নিয়ে কথা হচ্ছে, তবে নায়িকা ঠিক হয়নি।

ঢাকা-কলকাতায় নটী বিনোদিনীর জীবনী নিয়ে চর্চা নতুন নয়। কয়েক বছর আগে ঢাকা থিয়েটার ‘আমার কথা’ অবলম্বনে নাটক ‘বিনোদিনী’ মঞ্চে আনে। নাম ভূমিকায় অভিনয় করেন শিমুল ইউসুফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত