আর্থিক খাতের কোম্পানির দাপট

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১২:৫৬ এএম

মৌলভিত্তিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না থাকলেও শুধুমাত্র হিসাব বছর শেষ হওয়াকে কেন্দ্র করে বাড়ছে ব্যাংকসহ আর্থিক খাতের সব কোম্পানির শেয়ার দর। নতুন বছরের ১৪ কার্যদিবসে তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানির শেয়ার দর বেড়েছে প্রায় ২৬ শতাংশ। উল্লেখযোগ্য পরিমাণে দর বেড়েছে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানির শেয়ারেও। আর এসব খাতের শেয়ারে ভর করেই পুঁজিবাজারে বাড়ছে সূচক।

পর্যালোচনায় দেখা যায়, হিসাব বছর শেষ হওয়ায় চলতি বছরের শুরু থেকেই ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার দরে উল্লম্ফন দেখা গেছে। এসব খাতের শেয়ার দর বাড়ায় নতুন বছরের মাত্র ১৪ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ। ২০১৮ সালে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান শেয়ার দর হারানোয় এ সূচকটি কমে ১৩ দশমিক ৭৫ শতাংশ।

জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন বছরের শুরু থেকেই পুঁজিবাজারে যে ঊর্ধ্বগতি চলছে, তাতে সব খাতের বাজার মূলধনই বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সাধারণ বীমা কোম্পানির শেয়ার দর। গতকাল এ খাতের শেয়ারে সংশোধনী হলেও চলতি বছর এ খাতটির বাজার মূলধন বেড়েছে ২৫ দশমিক ৮ শতাংশ। চাহিদা বাড়ায় মাত্র ১৪ কার্যদিবসে এ খাতের কোনো কোনো কোম্পানির শেয়ারদর প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এ সময় ব্যংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানিগুলোর বাজার মূলধন বেড়েছে ১৮ দশমিক ৩ শতাংশ। আর ব্যাংক খাতের শেয়ারের দর গড়ে ১৩ শতাংশ। এ খাতের লেনদেনযোগ্য শেয়ার ও বাজার মূলধন বেশি থাকায় সূচকে সবচেয়ে বেশি প্রভাব রাখতে পারে। এছাড়া সেবা ও নির্মাণ খাতের দর ১৩ দশমিক ৭ শতাংশ, জ¦ালানি ১০ দশমিক ৭ ও সিমেন্ট খাতের ৭ দশমিক ৪ শতাংশ দরবৃদ্ধি ছিল উল্লেখযোগ্য।

২০১৮ সালে পুঁজিবাজারের মন্দায় পুরো আর্থিক খাতের শেয়ার নিয়ে বিপাকে ছিলেন বিনিয়োগকারীরা। এ সময় ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের (এনবিএফআই) শেয়ার প্রায় ২২ শতাংশ দর হারায়। আর সবচেয়ে বেশি লেনদেনযোগ্য শেয়ার ব্যাংক খাত দর হারায় প্রায় ২১ শতাংশ। এ সময় সাধারণ বীমা খাত ৪ দশমিক ৬ শতাংশ দর হারালেও জীবনবীমা কোম্পানির শেয়ারের দর বাড়ে গড়ে ২৩ দশমিক ৭ শতাংশ।

চলতি বছর শুধু শেয়ারদর নয় লেনদেনেও শীর্ষস্থানে উঠে এসেছে আর্থিক খাত। গতকাল ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩২ শতাংশ এসেছে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আথিক প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচা থেকে। এদিকে আগের দিনের সংশোধনী শেষে গতকাল বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধিতে ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে ৬১ পয়েন্ট। এরফলে সূচকটি ৫৮৮৭ পয়েন্টে উন্নীত হয়েছে। অবশ্য লেনদেন আগের তুলনায় সামান্য কমেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত