সৈয়দপুরে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে পিডিবি। এই কেন্দ্রের ঠিকাদার হিসেবে কাজ করবে চীনের কোম্পানি ডংফাং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল করপোরেশন। এ নিয়ে গতকাল মঙ্গলবার বিদ্যুৎ ভবনে একটি চুক্তি সই হয়েছে।
চুক্তিতে পিডিবির পক্ষে সচিব মিনা মাসুদ উজ্জামান এবং ডংফাং-এর পক্ষে ডেপুটি ম্যানেজার মি. অও ইয়ান জিয়াং সই করেন। এ বিদ্যুৎকেন্দ্রের জন্য নুমালীগড়ের পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আনা হবে ডিজেল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ‘এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা আরও ভালো হবে। আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি। কেন্দ্রটি খুব সাশ্রয়ী দরে নির্মাণ করা হবে।’ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘ভারত থেকে আমদানি করা ডিজেল দিনাজপুরের নুমালীগড়ের পাইপলাইনের মাধ্যমে এই কেন্দ্রে সরবরাহ হবে। এটা ঝুঁকিহীন ও সাশ্রয়ী হবে। উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার একটি প্রচেষ্টা এই বিদ্যুৎকেন্দ্র।’ সৈয়দপুরের ১৮ একর জমিতে এই কেন্দ্র নির্মাণ করা হবে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩০২ কোটি, ঋণ হিসেবে পাওয়া যাবে ৪৮৩ কোটি এবং পিডিবির নিজস্ব অর্থ ২১৫ কোটি টাকা। চুক্তি অনুযায়ী, ২০২১ সালের জুনের মধ্যে কেন্দ্রটি উৎপাদনে যাবে।
