নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্ধারিত উন্নয়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অফিসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলো দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এগুলোকে আরও বিকশিত করতে কার্যকর ভূমিকা পালন করতে হবে। স্থলবন্দরগুলোর মাধ্যমে আমদানি-রপ্তানির পাশাপাশি বাণিজ্যিক ও আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, জোরদার এবং সম্প্রসারণ করা হচ্ছে। স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে স্থলবন্দরগুলোর উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এখন আমাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। বর্তমান সময়টাকে কাজে লাগাতে হবে, কোনোভাবেই এ সময়কে অবহেলা করা যাবে না। আগামী প্রজন্মের জন্য কাজগুলো এগিয়ে নিতে হবে।’
এদিকে মতবিনিময় সভায় জানানো হয়, ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টি স্থলবন্দরের গেজেট করেন। এর মধ্যে দুটি সচল ছিল। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নতুন করে ১১টি স্থলবন্দর গেজেটভুক্ত করা হয়। বর্তমানে ২৩টি স্থলবন্দর রয়েছে।
