পৈতৃক সম্পত্তির মালিকানা দাবি করে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী ও সাইফ আলী খানের সাবেক স্ত্রী অমৃতা সিং। মামলায় তার সঙ্গে আছেন মেয়ে অভিনেত্রী সারা আলী খান।
সম্পত্তিটি যাতে কোনোভাবেই জমি মাফিয়াদের হাতে না যায় এবং নিজেদের কাছে থাকে- তা দেখার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন অমৃতা ও সারা।
একই সম্পত্তির দাবি করেছেন অমৃতার সৎ বোন তাহিরা বিম্বাট। দেরাদুনের ক্লিমেন্ট টাউনের ওই সম্পত্তি সংক্রান্ত মামলাটি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে অনুমান করছেন অনেকে। রায়ের জন্য দীর্ঘদিন সময়ও লাগতে পারে।
এ দিকে সম্পত্তির নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বাংলোর কেয়ারটেকার খুশিরাম।
কোটি টাকার ওই বাংলোয় থাকতেন অমৃতা সিংয়ের সৎ ভাই মধুসূদন বিম্বাট। ভারতীয় বিমানবাহিনীর এ কর্মকর্তা সম্প্রতি ক্যানসারে মারা যান।
পুলিশের বরাত দিয়ে জি নিউজ জানায়, চার একর জমির ওপর ওই বাংলোটি ১৯৬৯ সালে কিনেছিলেন অমৃতার বাবা সৃভিন্দার সিং।
মধুসূদনের মৃত্যুর পর ওই সম্পত্তির দাবি করে মামলা করলেন অমৃতা ও তাহিরা। জানা যায়, সৎ ভাইয়ের শেষকৃত্যের জন্য দেরাদুনে গিয়েছিলেন অমৃতা ও সারা। তবে তাদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি।
শোনা যাচ্ছে, মধুসূদন চেয়েছিলেন ওই বাংলোটিতে যেন এতিমখানা করা হয়।
অমৃতা হলেন সৃভিন্দারের প্রথম পক্ষের স্ত্রী রুকসানা সুলতানার মেয়ে। রুকসানার সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর তিনি আশা বিম্বাটকে বিয়ে করেন। তাদের সন্তান হলেন মধুসূদন ও তাহিরা।
