রাজধানীর মিরপুরে শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে সিলিন্ডার বিস্ফোরণে সিদ্দিক মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি বেলুন ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার সকালে শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেলুন ফুলানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই স্কুলের অপর এক ছাত্রী আহত হয়েছেন। তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজ-সজ্জার কাজে বেলুন ফোলাতে যান সিদ্দিক মিয়া। বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
