পাঁচ দিন ধরে পানি নেই কাঁঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০১:২৫ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা (আমুয়া) স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। সাবমারসিবল পাম্পের বৈদ্যুতিক নিয়ন্ত্রণ বক্সে ত্রুটি দেখা দেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে।

পানি সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ওই হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনরা। গভীর নলকূপ ও খালের পানি দিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে সবাইকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপকূলীয় উপজেলা কাঁঠালিয়ার প্রায় দুই লাখ লোকের চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে ৩১ শয্যা নিয়ে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি। ২০১৫ সালে ৫১ শয্যায় উন্নীত করা হয়। হাসপাতালের ভর্তি হওয়া রোগী, তাদের স্বজন ও চিকিৎসকরা এই পাম্পের পানি দিয়ে তাদের প্রয়োজনীয় কাজ সারতেন। বর্তমানে হাসপাতালে পানি না থাকায় চরম ভোগান্তি চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে।

কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাগর হোসেন বলেন, ‘আমি অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার বিকেলে এখানে ভর্তি হই। হাসপাতালে পানি না থাকায় আমিসহ অন্য রোগীরা বিপাকে পড়েছে।

চিকিৎসা নিতে আসা মনোয়ারা বেগম বলেন, ‘কলস অথবা বোতলে করে টিউবওয়েলের পানি এনে তা দিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। এটা অনেক কষ্টের।

ঝালকাঠি সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার বলেন, ‘গতকাল আমাদের মাসিক সভায় নির্বাহী প্রকৌশলীর সঙ্গে এ বিষয় নিয়ে কথা হয়েছে। আশা করছি দ্রুতই এ সমস্যার সমাধান হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত