মুন্সিগঞ্জ শহরের কাছে ধলেশ্বরী নদীতে মাথা ও হাত-পা বিহীন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের উপকণ্ঠে পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করে। অন্যত্র কোথাও থেকে ভাসতে ভাসতে মরদেহটি মালিরপাথর এলাকা সংলগ্ন ধলেশ্বরীতে এসেছে বলে ধারণা করছে পুলিশ।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে নৌ-পুলিশের টিম সেখানে পৌঁছে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের মাথা, ২ টি পা ও একটি হাত নেই। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে- তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। ওই ব্যক্তির পরিচয় ও বয়স নির্ধারণ করা যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- ওই ব্যক্তির মরদেহ অন্যত্র কোথাও থেকে ভাসতে ভাসতে এখানে আসে।
