অন্যদেরও এগিয়ে আসা উচিত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৮ এএম

জামায়াতে ইসলামী একাত্তরে স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য ‘ক্ষমা না চাওয়ার’ কারণ দেখিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বিএনপি নেতারা বলছেন, অন্য নেতাদেরও উচিত তার পথ ধরা। পাশাপাশি জামায়াতও দল হিসেবে ক্ষমা চাইবে বলে তাদের আশা। তারা বলছেন, এ বিষয়ে বিএনপি বহু আগেই জামায়াতকে পরামর্শ দিলেও তারা কানে তোলেনি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘যে কারণ দেখিয়ে রাজ্জাক জামায়াত থেকে পদত্যাগ করেছেন, তা একটি ভালো উদ্যোগ। জামায়াতের অন্যদেরও এভাবে এগিয়ে আসা উচিত। সময়ের সঙ্গে খাপ খাইয়ে রাজনীতির গতি-প্রকৃতি নির্ধারণ করা উচিত প্রতিটি রাজনৈতিক দলের। এমনটা না করলে কালের আবর্তে হারিয়ে যাবে।

তিনি বলেন, ‘রাজ্জাক ভালো দৃষ্টান্ত স্থাপন করেছেন। জামায়াতের অন্য নেতাদেরও এভাবে এগিয়ে আসা উচিত। জামায়াতকেও বিষয়গুলো ভাবা দরকার। সময় এসেছে চিন্তা-ভাবনা করার।’

দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনে করেন, প্রায় দুই দশক আগে বিএনপির পরামর্শ মেনে মুক্তিযুদ্ধে নেতিবাচক ভূমিকার জন্য জামায়াত ক্ষমা চাইলে দলটির এমন দুবরস্থা হতো না; বিএনপিকেও জামায়াতের কারণে প্রশ্নবিদ্ধ হতে হতো না। এ বিষয়ে দলের প্রয়াত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার উদ্যোগের কথা স্মরণ করেন তিনি।

দুদু দেশ রূপান্তরকে বলেন, জামায়াত যে রাজনীতি করছে, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তা পছন্দ করছেন না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের আত্মসমালোচনা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। তার চিন্তা ও কর্মে ভিন্নতা আছে; বর্তমান উপলব্ধি তার দলের জন্য মঙ্গল বয়ে আনতে পারে। এমনটা করলে ভালো হতো।’

এ বিষয়ে বিএনপিপন্থি পেশাজীবী নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জামায়াত নেতাদের ক্ষমা চাইতে তিনিও বলেছেন একাধিকবার। কিন্তু তারা তা করেনি। এ নিয়ে অনেক কথা শুনতে হয়।

ব্যারিস্টার রাজ্জাকের ‘ভালো পরামর্শ’ জামায়াতের গ্রহণ করা উচিত মন্তব্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, এতে তাদের রাজনীতি করা সহজ হবে। জনগণও ক্ষমা করে দেওয়ার কথা ভাবতে পারবে। কারণ এ দেশের জনগণ সহজেই মানুষকে ক্ষমা করে দেয়; কাছে টেনে নেয়।

কিছুটা শ্লেষের সুরে জাফরুল্লাহ বলেন, ‘যেমনটা নিয়েছেন স্বৈরাচার এরশাদকে। তিনি এখনো রাজনীতি করছেন। জাতীয় সংসদের একাধিক আসনে বিজয়ী হয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত