‘উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলে ক্ষতিগ্রস্ত হবে’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৪ পিএম

উপজেলা নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে মনে করেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা বলেন। মন্ত্রী বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিবে না এবং দলের কেউ অংশ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে কথা বলেছে, আমি মনে করি এটা বিএনপির নির্বুদ্ধিতার পরিচয়।

বাংলাদেশে এখন একটি শান্ত ও সুন্দর পরিবেশ বিদ্যমান উল্লেখ করে তিনি আরও বলেন, ইলেকশন কমিশন অত্যন্ত শক্তিশালী এবং নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সক্ষমতা কমিশনের আছে বলে তারা দাবি করেছে। এটা আমরা নিজেরাও লক্ষ্য করছি যে নির্বাচন পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সামগ্রিকভাবে সব ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশন গ্রহণ করেছে।

বিএনপিকে নির্বাচনে আনার ব্যাপারে উদ্যোগের কোন ঘাটতি নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারা নিবে। আমাদের দলের সাধারণ সম্পাদক তাদের আহ্বান জানিয়েছেন। তাদের যদি কোন কথা থাকে সে কথাও তাদের বলার জন্য বলা হয়েছে।

এর আগে মন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হক, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জাসহ স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিকেল ৩ টায় মন্ত্রী কোটালীপাড়া বার্পাডে এলজিইডি কর্তৃক বাস্তবায়িত কোটালীপাড়া উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত