মায়ের সঙ্গে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আবু বকর ছিদ্দিকের (২৮) শেষ কথা ছিল, ‘মা আমি ব্যস্ত আছি, একটু পরে কথা বলব।’ কিন্তু কথা বলার আর সুযোগ আসেনি তার জীবনে। পাঁচ ভাই-বোন আর
বাবা-মাকে নিয়ে ছিল আবু বকরের সংসার। তিনিই ছিলেন পরিবারে একমাত্র উপার্জনক্ষম। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়।
বাবা আবুল হোসেন বলেন, ‘দুই বছর আগে জীবিকার সন্ধানে পাশের বাড়ির জয়নালের সঙ্গে ঢাকা যায় বকর। পরে চকবাজারের একটি প্লাস্টিক কারখানায় কাজ নেয়। পুরো সংসার তার ওপর নির্ভরশীল ছিল। কখনো বুঝিনি সেখানে আমার ছেলে আগুনে পুড়ে কয়লায় পরিণত হবে। এত কষ্টের মৃত্যু হবে তার।’
বড় বোন হালিমা বলেন, ‘মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও আমার কাছে ফোন করেছিল বকর। ফোনে আমার ছেলের ব্যাপারে খোঁজ নেয়। এরপর মাকে বলে, আমি ব্যস্ত আছি মা, একটু পরে কথা বলব।’
করুণ এ মৃত্যুর দুদিন আগেও ছোট বোন আমেনার সঙ্গে কথা হয় বকরের। তাকে বলেছিলেন, ‘তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, ভালো করে পরীক্ষা দিবি। মানুষের মতো মানুষ হতে হবে তোকে।’