কুষ্টিয়া কুমারখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া এলাকার চেচুয়া বিলের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ইমদাদ খুনকার (৩৮) কুষ্টিয়া সদর উপজেলার রঞ্জিতপুর গ্রামের কটা খুনকার ওরফে রাফি’র ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নানা অপরাধে জড়িত অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পুলিশ জানতে পারে উপজেলার আদাবাড়িয়া এলাকায় চেচুয়া বিলের পাশে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হচ্ছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
