কাশ্মীরে ২ বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা নিহত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৮ পিএম

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা নিহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বুধবার ভোরে নিরাপত্তা বাহিনী তল্লাশি চালানোর একপর্যায়ে বন্দুকযুদ্ধ শুরু হলে জইশ-ই-মুহাম্মদের দুই ‘সন্ত্রাসী’ নিহত হন।

পাকিস্তানের বালাকোটে কথিত জইশ-ই-মুহাম্মদের ঘাঁটিতে ভারতীয় বিমান হামলার একদিন পর এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটল।

মঙ্গলবার ভোরে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। এতে ৩২৫ জইশ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে ভারত। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহত হয়নি বলে দাবি করে পাকিস্তান।

এদিকে ওই হামলার জেরে সীমান্তে পাল্টাপাল্টি হামলায় পাকিস্তান শাসিত কাশ্মীরে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। অন্যদিকে ভারতের পাঁচ সেনা আহত হয়েছেন।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় একটি বহরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালালে ৪৯ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-সিআরপিএফ জওয়ান নিহত হন।

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ ভিডিও ও ছবি শেয়ার করে ওই হামলার দায় স্বীকার করে। পাকিস্তানের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় এ হামলা চালিয়েছে বলে দাবি করে ভারত। পাকিস্তান তা নাকচ করে দিলেও দুই প্রতিবেশী দেশের মধ্যে এ যুদ্ধাবস্থা সৃষ্টি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত