কাশ্মীরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৬ পিএম

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তি পাইলট কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআই জানায়, জম্মু কাশ্মীরের বুদগাম জেলায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমানটি বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে গারেন্দ কালান গ্রামের খোলা জায়গায় বিধ্বস্ত হয়।

কর্মকর্তারা জানান, যুদ্ধবিমানটি দুই ভাগ হয়ে যায় এবং এতে আগুন ধরে যায়।

দুর্ঘটনাস্থলে একটি মরদেহ পড়ে থাকতে দেখা গেলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পাইলটের ভাগ্যে কী ঘটেছে তাৎক্ষণিক সেটা জানা যায়নি।

এদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তানের যুদ্ধবিমানগুলো ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছে। জম্মু-কাশ্মীরের নওশেরা এলাকা দিয়ে বিমানগুলো ঢুকে পড়লে ভারতীয় যুদ্ধবিমানের প্রতিরোধের মুখে সেগুলো পিছু হটে।

পাকিস্তানের বালাকোটে কথিত জইশ-ই-মুহাম্মদের ঘাঁটিতে ভারতীয় বিমান হামলার একদিন পর এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল।

মঙ্গলবার ভোরে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। এতে ৩২৫ জইশ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে ভারত। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহত হয়নি বলে দাবি করে পাকিস্তান।

এদিকে ওই হামলার জেরে সীমান্তে পাল্টাপাল্টি হামলায় পাকিস্তান শাসিত কাশ্মীরে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। অন্যদিকে ভারতের পাঁচ সেনা আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত