ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০১:২৮ পিএম

ময়মনসিংহ শহরে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লালু মিয়া (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের পুরনো গুদারাঘাট এলাকার বালুচরে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত লালু মিয়ার বিরুদ্ধে মাদকের সাত মামলাসহ আটটি মামলা রয়েছে। তিনি শহরের কৃষ্টপুর বাগানবাড়ি এলাকার আক্তার হোসেনের ছেলে।

ঘটনাস্থল থেকে ১৫০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল হোসেন আকন্দ জানান, রাতে শহরের কালীবাড়ি পুরনো গুদারাঘাট বালুরচর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী জড়ো হয়েছে এমন গোপন খবর আসে।

এর ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটেন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী মো. লালু মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত