মানবতাবিরোধী অপরাধ

ওয়াহিদের বিরুদ্ধে অভিযোগ আমলে

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৩:৩২ এএম

একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের  অভিযোগের মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক  মহাপরিচালক মুহাম্মদ ওয়াহিদুল হকের (৬৯) বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৫ মার্চ অভিযোগ গঠন সংক্রান্ত শুনানির দিন ধার্য করেছে আদালত। গতকাল সোমবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মামুন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার। এর আগে গত বছরের ৩০ অক্টোবর ওয়াহিদুল হকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে প্রসিকিউশনের সংশ্লিষ্ট শাখায় দাখিল করে তদন্ত সংস্থা। এ মামলায় মোট ৫৪ জনকে সাক্ষী করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালের ২৮ মার্চ বিকেলে অভিযুক্ত ওয়াহিদুল হক রংপুর ক্যান্টনমেন্টে অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর ২৯ ক্যাভেলরি রেজিমেন্টের অ্যাডজুটেন্টের দায়িত্বে থেকে ৪টি সামরিক জিপে মেশিনগান লাগিয়ে গুলিবর্ষণ করে রংপুর সেনানিবাস সংলগ্ন এলাকায় ৫শ থেকে ৬শ স্বাধীনতাকামী বাঙালিকে হত্যা, গণহত্যা ও অসংখ্য মানুষকে গুরুতর আহত করেন। পাশাপাশি বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেন। গত বছরের ২৪ এপ্রিল ওয়াহিদুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেই রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত