রাঙ্গামাটিতে গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০১:৩৯ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক পিপলসের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের নেতা উদয় বিকাশ চাকমা ওরফে চিক্কধন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বাঘাইছড়ি থানা পুলিশ।

ইউপিডিএফ এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করলেও সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা তা অস্বীকার করেন।

ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা জানান, বঙ্গতলী ইউনিয়নে নিজ বাড়িতে অবস্থান করছিলেন চিক্কধন চাকমা। দুর্বৃত্তের উপস্থিতি টের পেয়ে তিনি নিরাপদে সরে যাওয়ার সময় তাকে গুলি করলে তিনি ধানক্ষেতে পড়ে যান এবং ঘটনাস্থলে নিহত হন।

তিনি বলেন, “সামনেই উপজেলা পরিষদ নির্বাচন। আধিপত্য বিস্তারের মাধ্যমে তাদের প্রার্থীকে জেতানোর জন্য পরিকল্পিতভাবে তারা চিক্কধন চাকমাকে হত্যা করেছে।”

এদিকে জনসংহতি সমিতির (এমএর লারমা) তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, “এটি তাদের স্বভাবজাত কথা। এটি তাদের অন্তঃকোন্দল হতে পারে। এই ঘটনার সাথে আমরা কোনো অবস্থাতেই জড়িত নই।”

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ মঞ্জুরুল আলম জানান, বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে চিক্কধন নামের একজন ইউপিডিএফ নেতা নিহত হন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত