পিএসজি ফরোয়ার্ড নেইমারের চেয়ে উসমানে দেম্বেলে ভালো মানের ফুটবলার বলে মনে করেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।
২০১৭ সালের অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জায়গায় ওই সময়েই সাড়ে ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ফরাসি ফরোয়ার্ড দেম্বেলেকে দলে টানে কাতালান ক্লাবটি।
বার্সেলোনার হয়ে প্রথম মৌসুমের বেশিরভাগ সময়ই চোটের সঙ্গে কাটান দেম্বেলে। তবে চলতি মৌসুমে দারুণ খেলছেন ২১ বছর বয়সী এই খেলোয়াড়। মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ৩৩ ম্যাচে নিজে ১৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো আট গোল।
পক্ষান্তরে মৌসুমের শুরুতে দ্যুতি ছড়ালেও চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন নেইমার। ২৭ বছর বয়সী এই খেলোয়াড় আবার বার্সেলোনায় ফিরতে পারে বলে অনেক দিন ধরেই গুঞ্জন। এ ব্যাপারে সরাসরি কোনো উত্তর দিলেন না মার্তোমেউ- “আমি হ্যাঁ বা না কিছুই বলবো না।”
নেইমারকে ছেড়ে যে অর্থ আয় হয়েছে তা বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য ভালো হয়েছে মনে করেন বার্সেলোনা সভাপতি। এর মধ্যে দেম্বেলেকে নেইমারের চেয়েও ভালো খেলোয়াড় হিসেবে দেখছেন তিনি।
“ওই অর্থ দিয়ে আমরা দেম্বেলে ও ফিলিপে কৌতিনিয়োর মতো খেলোয়াড়দের পেয়েছি। এর মধ্যে আমার কাছে দেম্বেলে নেইমারের চেয়ে ভালো। সে বার্সেলোনায় আছে এবং সে আরো ভালো খেলোয়াড়। তাকে নিয়ে আমরা খুবই খুশি।”