কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, পোলট্রিশিল্পের অন্যতম চ্যালেঞ্জ উচ্চ সুদহার। এ খাতে সুদহার ৮ শতাংশ হওয়া উচিত। গতকাল বৃহস্পতিবার ১১তম আন্তর্জাতিক পোলট্রি শোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী এ মেলা।
মন্ত্রী বলেন, কখনো কখনো ডিমের দাম উৎপাদন খরচের চেয়ে কমে যায়। ফলে হাজার হাজার খামারি লোকসানের মুখে পড়েন। তাই দামের ক্ষেত্রে স্থিতিশীলতা আনার পাশাপাশি বাজার ব্যবস্থার উন্নয়ন করতে হবে। একই সঙ্গে ধরতে হবে বিদেশি বাজার। শিল্প খাতে বিনিয়োগ বাড়লে মানুষের আয় বাড়বে।
অনষ্ঠানে পোলট্রি খাতে বিশেষ অবদানের জন্য নুশরাত জাহান ‘ওয়াপসা-বিবি পোলট্রি অ্যাওয়ার্ড’ এবং কুমার কবিরাজকে ‘প্যারাগন পোলট্রি অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। পোলট্রি শোতে দেশি-বিদেশি মিলে প্রায় ৫০০ কোম্পানি অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
