বঙ্গবন্ধুর ওপর নির্মিয়মান চলচ্চিত্রে সাইমন-মাহি

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৩:৪৭ পিএম

ঢাকাই ছবির দুই জনপ্রিয় তারকা সাইমন সাদিক ও মাহিয়া মাহি প্রথমবার একসঙ্গে কাজ করেন ‘পোড়ামন’ ছবিতে। এরপর দীর্ঘ বিরতি। তাদের দ্বিতীয়বার একসঙ্গে দেখা যায় ‘জান্নাত’ ছবিতে। বর্তমানে এই জুটি কাজ করছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ ছবিতে।

এদিকে প্রথমবারের মতো একসঙ্গে এই জুটি হাজির হতে যাচ্ছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। চিত্রনায়ক সাইমন সাদিক দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা একটি শর্টফিল্মে কাজ করতে যাচ্ছি। এটি বঙ্গবন্ধুরে ওপর নির্মিত হবে। নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে কতটা আবেগ দিয়ে লালন করে সেটাই ফুটিয়ে তোলা হবে। আমি একজন গায়কের চরিত্রে অভিনয় করব। আমি ভাগ্যবান যে এমন একটি কাজ করতে পারছি। সবচেয়ে বড় ব্যাপার প্রধানমন্ত্রী নিজেও এই চলচ্চিত্রটি দেখবেন।’

জানা যায়, বঙ্গবন্ধুর চেতনার প্রভাব, বঙ্গবন্ধুকে লালন করার গল্প নিয়েই নির্মিত হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এটি রচনা ও পরিচালনা করেছেন সাইদুর রহমান সজল। এখনো নাম চূড়ান্ত না হওয়া ছবিটির শুটিং শুরু করা হবে ১৩ মার্চ। নির্মাণের পর ১৬ মার্চ প্রধানমন্ত্রীকে দেখানো হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে। এটি দেখা যাবে ইউটিউবেও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত