ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্য নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম পরিষ্কার করবেন, তাই ভালো রাস্তায়ও ছিটানো হলো ময়লা।
রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কে এমনটা দেখা গেছে।
যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও দেয়ালচিত্র’ কর্মসূচি আয়োজন করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে।
অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে ওই এলাকার সড়ক ও অলিগলি পরিষ্কার করা হয়। সড়কে দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডারও ছিটানো হয়। ডিএনসিসি কর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরাও এ কাজে অংশ নেন।
তবে সামাজিক যোগাযোগমধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পরিষ্কার-পরিচ্ছন্ন সড়কটিতে ডিএনসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একটি ভ্যানগাড়িতে করে ছেঁড়া পোস্টার ও কাগজপত্র সংগ্রহ করে তা আবারো সড়কেই ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হচ্ছে।
ডিএনসিসি’র দু’জন পরিচ্ছন্নতাকর্মী ময়লা কাগজ টুকরো-টুকরো করে সড়কে ফেলে যাচ্ছেন। হ্যান্ডমাইক হাতে মেয়র আনিসুল হকের ‘লাভ ঢাকা’ কর্মসূচির একজন কর্মীকে এ সময় তাদের (পরিচ্ছন্নতা কর্মীদের) নির্দেশনা দিতে দেখা যায়।
এরপর বেলা পৌনে ১২টার দিকে মেয়র আতিকুল ইসলাম তার সহকর্মীদের নিয়ে সড়কটিতে পরিচ্ছন্ন কাজ উদ্বোধন করতে আসেন। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে সড়কটিতে পরিষ্কার অভিযানে নামেন মেয়র আতিকুল ইসলাম।
