ফাঁস হচ্ছে সাবেক ভারতীয় প্রধানমন্ত্রীর মৃত্যুরহস্য (ট্রেলার)

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০২:২৮ পিএম

ভারতের সাবেক প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে সিনেমা ‘দ্য তাসখন্দ ফাইলস’। অনেক রহস্যের হাতছানি দিয়ে সোমবার প্রকাশ হয়েছে কাহিনিচিত্রটির ট্রেলার।

গল্পটি এমন- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি লালবাহাদুর শাস্ত্রী স্বাক্ষর করেন ‘তাসখন্দ’ চুক্তিতে। এর ঘণ্টাখানেকের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। কিন্তু কী ছিল সেই মৃত্যুর কারণ? বিষক্রিয়া নাকি হার্ট অ্যাটাক? নাকি নেপথ্যে কোনো রাজনৈতিক চক্রান্ত?

শাস্ত্রীর মৃত্যুর পর তৎকালীন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দার কাছে ময়নাতদন্তের দাবি জানায় পরিবার। কিন্তু, অজ্ঞাত কারণে সেই দাবি নাকচ হয়। তারপর থেকেই শুরু হয় নানা জল্পনা। মৃত্যুর আগে শাস্ত্রীকে বিষ দেওয়া হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি। এরপর রহস্যজনক গাড়ি চাপায় মারা যান শাস্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও তার দুই ছেলে।

এই সব প্রশ্নের উত্তর না মেলেনি। অন্যদিকে রাষ্ট্রও গোপন রেখেছে লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুরহস্য। কেন ও কীভাবে? ট্রেলার বলছে এই রহস্যের উন্মোচন করবে ‘দ্য তাসখন্দ ফাইলস’।

সিনেমাটি পরিচালনা করেছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, নাসিরুদ্দিন শাহ, শ্বেতা বসু প্রসাদ, মন্দিরা বেদি, রাজেশ শর্মা, বিনয় পাঠক, পঙ্কজ ত্রিপাঠী, পল্লবী জোশী, প্রশান্ত গুপ্তা প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ১২ এপ্রিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত