ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা চারে থেকে লিগ শেষ করার স্বপ্ন নিয়ে লড়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই মিশনে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারাল উলে গুনার সুলশারের দল।
শনিবার ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট হ্যামকে ২-১ গোলে হারায় ম্যানইউ। জোড়া গোল করেন দলটির ফরাসি মিডফিল্ডার পল পগবা।
প্রথম পর্বে ওয়েস্ট হ্যামের মাঠে ৩-১ গোলে হেরেছিল ম্যানইউ। এদিন অবশ্য একপর্যায়ে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল দলটি। ১৯ মিনিটে স্পট কিক থেকে দলটি এগিয়ে দিয়েছিলেন পগবা। তবে ৪৯ মিনিটে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। গোল করেন ফিলিপে অ্যান্ডারসন।
এরপর অতিথি দল চাপে রাখে স্বাগতিক ম্যানইউকে। ম্যাচের ৮০ মিনিটে ফের স্পট কিক থেকে পল পগবা গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। পুরো ম্যাচ জুড়ে অবশ্য বল দখলে এগিয়ে ছিল ওয়েস্ট হ্যাম। নিশ্চিত গোল থেকে ম্যানইউকে বাঁচিয়েছেন গোলরক্ষক ডেভিড দি গিয়া।
লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলে টানা দুই ম্যাচ পর এই জয় ম্যানইউ শিবিরের জন্য স্বস্তির। ৩৩ ম্যাচে ১৯ জয় ও ৭টি করে ড্র এবং হার নিয়ে মোট ৬৪ পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি।
