নিজেকে ফিরে পাচ্ছেন নাসির

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ০৬:২৬ পিএম

বিশ্বকাপের দলে তাকে নিয়ে আলোচনা নেই। থাকার কথাও নয়। ইনজুরির কারণে দীর্ঘ সময় দলের বাইরে নাসির হোসেন। এরপর মাঠে ফিরে সেভাবে আলোচনায় আসতে পারছিলেন না। বিপিএলে তেমন কিছু করতে পারেননি। তবে ঢাকা প্রিমিয়ার লিগে যেন নিজেকে ফিরে পাওয়ার বার্তাই দিয়ে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার। বিশ্বকাপের দল ঘোষণার আগ মুহূর্তে তো করে ফেললেন সেঞ্চুরিও।

সোমবার প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন শেখ জামালের হয়ে খেলা নাসির। খেলেন অপরাজিত ১১২ রানের ইনিংস। তার দল শেখ জামালও পেয়েছে জয়। বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই অবদান রেখে অবশ্য ম্যাচ সেরা হয়েছেন ইলিয়াস সানি।

টস হেরে আগে ব্যাটিং করে সব কটি উইকেট হারিয়ে ২৩৬ রান করে শেখ জামাল। জবাব দিতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শেখ জামাল।

নাসির সেঞ্চুরি পূরণ করেন ঠিক ১০০ বলে। শেষ পর্যন্ত ১১০ বলে ১১২ রানের ইনিংস খেলেন তিনি ১২টি চার ও ৩ ছক্কায়। লিস্ট ‘এ’ ক্রিকেটে নাসিরের এটি সপ্তম সেঞ্চুরি।

ঠিক আগের ম্যাচেই ব্যাট হাতে ৪৫ রানের সঙ্গে বল হাতে ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন নাসির। অর্থাৎ নিজেকে যে ফিরে পাচ্ছেন, সেটির প্রমাণই দিয়ে চলেছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত