মায়ের গর্ভে ‘মারামারি’

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৩:৩৯ এএম

মা-বাবার জন্য যমজ সন্তান হওয়া অনেক আনন্দের। আবার কিছু ক্ষেত্রে এই আনন্দ বিষাদেও রূপান্তরিত হয়। অনলাইনের সামাজিক যোগাযোগমাধ্যমে চীনা এক মায়ের গর্ভাশয়ের ভিডিও ব্যাপক মাত্রায় ভাইরাল হয়েছে। যেখানে গর্ভের মধ্যে যমজ দুই সন্তানকে একে অপরকে লাথি মারতে বা মারামারি করতে দেখা যায়।

চার মাসের অন্তঃসত্ত্বা ওই চীনা নারীর আল্ট্রাসাউন্ড স্ক্যানে এমন দৃশ্য ধরা পড়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল। ডাক্তাররা বলছেন, যমজ দুটি সন্তান মেয়েশিশু।

ওই দুই যমজের বাবা তাও সাংবাদিকদের জানান, তিনি গত বছর ইনচুয়ান শহরের একটি ক্লিনিকে তার স্ত্রীকে পরীক্ষার জন্য নিয়ে যান। সেখানেই স্ক্যান করলে এমন দৃশ্য দেখা যায়। ডাক্তারদের অনুরোধ করে ওই স্ক্যানের ভিডিওটি তিনি সংরক্ষণ করেন।

চীনের নিউজ আউটলেট দ্য পেপার ওই ভিডিওটি প্রথম পায়। তারা ‘বক্সিং উইথ ইচ আদার ফর অ্যা ফিউ রাউন্ডন্স’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন প্রকাশের পর তাও ভিডিও ফুটেজটিকে শর্ট ভিডিও অ্যাপ্লিকেশন দুয়িনে আপলোড করেন। আর সেখান থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তাও ভাবতে পারেননি তার সন্তানরা জন্মের আগেই অনলাইন সেলিব্রিটি হয়ে যাবে। যমজ ওই দুই মেয়েশিশু সুস্থ এবং স্বাভাবিকভাবেই ক্লিনিকে জন্মায়। তাদের নাম রাখা হয় ‘চেরি’ ও ‘স্ট্রবেরি’। এই দুটি ফল তাদের মায়ের অনেক পছন্দ, তাই ওই ফলের নামেই মেয়েদের নাম রাখা হয়।

ভিডিওটি এখন পর্যন্ত ২৫ লাখের বেশি লাইক এবং ৮০ হাজারের বেশি কমেন্ট পেয়েছে। ভিডিও অ্যাপ দুয়িনের এক ব্যবহারকারী মজা করে লেখেন, ‘ওই দুজনের মধ্যে যে জিতবে সে-ই বড় হবে।’ অন্য একজন লেখেন, ‘তারা মায়ের পেটের মধ্যে লড়াই করছে, কিন্তু পৃথিবীতে আসার পর তারা একে অপরকে অনেক ভালোবাসবে।’

গত জানুয়ারিতে করা আরেক পরীক্ষায় ওই দুই শিশুকে মায়ের পেটের মধ্যেই একে অপরকে জরিয়ে ধরতেও দেখা যায় বলে দাবি করেন তাও। দ্য পেপারকে তাও বলেন, ‘আমরা খুব আবেগপ্রবণ এ নিয়ে। বাচ্চারা খুব ছোট এবং তারা জানে কীভাবে একে অপরকে দেখে রাখতে হয়। আমি বিশ্বাস করি তারা সৌহার্দ্যরে সঙ্গেই একত্রে বাস করবে, যখন তারা বেড়ে উঠবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত