পবিত্র শব-ই-বরাতে রাজধানীতে আতশবাজি, পটকাবাজি নিষিদ্ধ করা হয়েছে। দিবসটির পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ নির্দেশ দেন।
রবিবার দিবাগত রাতে পবিত্র শব-ই-বরাত উদযাপিত হবে।
শনিবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং শব-ই-বরাত অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২১ এপ্রিল সন্ধ্যা ৬ টা হতে ২২ এপ্রিল ভোর ৬ টা পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরকদ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’
