নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের গুলিতে কৃষক নিহত

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০৮:২৩ পিএম

পূর্ব শত্রুতার জেরে শেরপুরের নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের গুলিতে ইদ্রিস আলী নামে এক কৃষক নিহত হয়েছেন।

সম্প্রতি শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনী দ্বন্দ্বের রেশ ধরে ধানকাটা নিয়ে বিরোধে বৃহস্পতিবার দুপুরে উপজেলার যোগানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থক ওই চেয়ারম্যান হাবিবুর রহমান হবি’র সাথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক একই এলাকার মোক্তার আলী ও সোহরাব আলীদের বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে এর আগে একাধিক হামলা ও মারধরের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার সকালে কয়েকজন শ্রমিক নিয়ে সোহরাব আলী ধান কাটতে গেলে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান দেশীয় অস্ত্র ও লোকজন সাথে নিয়ে সোহরাব আলীদের ধাওয়া করে।

এসময় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে চেয়ারম্যান হাবিবুর রহমান তার সাথে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র বের করে গুলি করে। এতে সোহরাব আলীর চাচাতো ভাই ইদ্রিস আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নালিতাবাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, কৃষক ইদ্রিস মিয়া গুলিবিদ্ধ হয়েই মারা যায়। এ ঘটনায় ইতোমধ্যে ৫ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত