সংবাদ সম্মেলনে সুলতানা কামাল

সাধ করে কেউ দেশ ছাড়ে না

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১২:৩৩ এএম

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, মানুষের জীবন ও সম্পদের ওপর যখন হুমকির সৃষ্টি হয়, তখনই মানুষ দেশত্যাগে বাধ্য হয়। সাধ করে কেউ দেশ ত্যাগ করে না।

শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ‘আদিবাসী, সাঁওতাল ও অন্যান্য প্রান্তিক পরিবারের প্রতি বর্বরতার বিচার ও মানবিক সহায়তা’র দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

২০১৬ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদা ফার্মে পুলিশের সঙ্গে সাঁওতাল জাতি গোষ্ঠীর সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওই হত্যার ঘটনার পর দুই বছরের বেশি সময় হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত তদন্ত প্রতিবেদনই পাওয়া গেল না। এই ঘটনার বিচার হচ্ছে না কেন? প্রায় তিন বছর ধরে এই সমস্যা জিইয়ে রাখার কারণ কী? ভুক্তভোগী মানুষ দরিদ্র বলে, অসহায় বলে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে তো এমনটি হওয়ার কথা ছিল না!’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘সাঁওতালদের এলাকায় সরকারের স্থানীয় যারা দায়িত্বপ্রাপ্ত, তারা কি চান এসব মানুষ দেশ ত্যাগ করে চলে যান? তারা যদি না চান, এর প্রমাণ তো তাদের দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই প্রমাণ আমরা পাচ্ছি না।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে বলেন, রংপুর চিনিকল স্থাপনের জন্য আখ চাষ করতে ১৯৬২ সালে বাগদা ফার্ম এলাকার ১ হাজার ৮৪০ একর জমি রিকুইজিশন করা হয়। এসব ছিল স্থানীয় সাঁওতাল ও বাঙালিদের ভোগদখলীয় সম্পত্তি। চুক্তি অনুযায়ী, যে কাজের (আখ চাষ) জন্য জমি রিকুইজিশন করা হয়েছে, তা না করা হলে আগের মালিকদের জমি ক্ষতিপূরণসহ ফেরত দিতে হবে।

সংবাদ সম্মেলনে মানবাধিকার সংগঠন ব্লাস্টের প্রধান আইন উপদেষ্টা নিজামুল হক, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত