‘সাহেবের কাটলেট’ বানাবেন অঞ্জন দত্ত

আপডেট : ০৪ মে ২০১৯, ০৩:১৫ পিএম

খাবার নিয়ে কলকাতায় বেশ কয়েকটি সিনেমা তৈরি হয়েছে সম্প্রতি। সেই দলে যোগ দিলেন গায়ক-নির্মাতা অঞ্জন দত্ত।

স্থানীয় সংবাদমাধ্যম জানান, এর আগে মিউজিক্যাল নির্মাণ করেছেন অঞ্জন। এবার হাত দিতে চলেছেন মিউজিক্যাল ফুড ফিল্মে। খাওয়া-দাওয়া আর গান মিলিয়ে হবে ‘সাহেবের কাটলেট’ নামের ছবিটি।

অঞ্জনের শেষ দুই ছবি ‘আমি আসব ফিরে’ ও ‘ফাইনালি ভালোবাসা’ ছিল ডার্ক ও সিরিয়াস ঘরানার। ছবিগুলো বক্স অফিসে তেমন ভালো না করলেও নতুন উদ্যমে কাজ শুরু করতে চলেছেন পরিচালক। সঙ্গে থাকছে একদল তরুণ।

এ নিয়ে অঞ্জন দত্ত বলেন, “এটা আমার কনশাস ডিসিশন। মিউজিক্যাল ফিল্ম আগেও অনেক করেছি। ফুড ফিল্ম আগে কখনো করিনি। মাঝখানে ডার্ক বিষয় নিয়ে ছবি করেছি। এবারে আনন্দের ছবি করতে চাই। ‘চলো লেট্‌স গো’র মতো। নিজেকে আবার একটু পালটাতে চাই। অবশ্যই তার একটা মানে থাকবে। অনেকটাই আমার গানের মতো এই ছবি। আমার গানে যেসব ধরনের গল্প থাকে তার কাছাকাছি।”

তিনি আরও বলেন, “বহুদিন হয়েছে সবাই বলছে গান করতে। আমি ও নীল একটা নতুন অ্যালবামও করছি। সেই অ্যালবামের পাঁচটা গান ছবিতেও থাকবে।”

‘সাহেবের কাটলেট’-এ অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, সুপ্রভাত, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য ও অঞ্জন দত্ত। তবে ছবির নায়িকার খোঁজ এখনো চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত