সিঙ্গাপুরে চিকিৎসাধীন সংগীতশিল্পী সুবীর নন্দী গতকাল রবিবার সকালে আবারও হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় শারীরিক অবস্থা কিছুটা জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসার সমন্বয়ের দায়িত্বে থাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। সামন্ত লাল সেন গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে রবিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে সুবীর নন্দীর আরেকটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর দ্রুতই অস্ত্রোপচার করে চারটি রিং বসানো হয়েছে। তবে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলা যাবে না। এখন একটু জটিল অবস্থায় আছে।’
গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। সে সময় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৩০ এপ্রিল সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ১৮ দিন পর গত শুক্রবার দুপুরে চোখ খোলেন তিনি। সবাইকে চিনতেও পারেন তখন। রবিবার সকালে আবারও হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসা প্রক্রিয়ায় বাড়তি সময় লাগবে বলে জানান সামন্ত লাল সেন।
