অফশোর কোম্পানি খুলে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচারের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ চার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে জানিয়েছেন, গতকাল সোমবার ঢাকার উত্তরা পশ্চিম থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।
ফালু ছাড়া অন্য তিন আসামি হলেনÑ আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান, স্টার সিরামিকসের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান ও আরএকে কনজুমার প্রোডাক্টস ও স্টার সিরামিকসের সাবেক পরিচালক আমির হোসাইন।
দুদক বলছে, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তাদের বিরুদ্ধে ৮০ লাখ ডলার দুবাইয়ে পাচারের অভিযোগ অনুসন্ধান করে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল। অনুসন্ধান শেষে ১৮৩ কোটি ৯২ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে মামলার অনুমোদন চেয়ে প্রতিবেদন দাখিল করা হয়। পরে গতকাল কমিশনের বৈঠকে এই মামলার অনুমোদন দেওয়া হয়। অনুসন্ধান দলের অন্য সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।
অনুসন্ধান দলের এক কর্মকর্তা জানান, মোসাদ্দেক আলী ফালু, একরামুজ্জামান, আনোয়ারুজ্জামান, আমির হোসাইন ২০১০ সালে দুবাইয়ে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড, থ্রি স্টার লিমিটেড, ডেভেলপমেন্ট ইইউই নামে অফশোর কোম্পানি খোলেন এবং বাংলাদেশে ‘দুর্নীতির মাধ্যমে’ অর্জিত ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচার করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, দুবাইয়ে ওই অর্থ উপার্জনের কোনো উৎস তারা দেখাতে পারেননি। ওই অর্থ কীভাবে উপার্জন করা হয়েছে তার কোনো তথ্যপ্রমাণ তাদের কাছে নেই। দুবাইয়ে ব্যবসা-বাণিজ্যের বিষয়টি তারা বাংলাদেশ ব্যাংককে কখনো জানাননি বা কোনো ধরনের অনুমতি নেননি। প্রকৃতপক্ষে ফালু ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রক্রিয়ায় দেশে অর্জিত অবৈধ অর্থ বিদেশে পাচার করে অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেন।
চারদলীয় জোট সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন মোসাদ্দেক আলী ফালু। সে সময় ঢাকার তেজগাঁও এলাকার উপনির্বাচনে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি। ২০১৬ সালে বিএনপির নতুন কমিটিতে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে ভাইস চেয়ারম্যান করা হলে ফালু পদত্যাগ করেন। এর পর থেকে রাজনীতিতে নিষ্ক্রিয় তিনি। সিকিউরিটিজ, আবাসন, অ্যাগ্রো, আমদানি-রপ্তানি ব্যবসায় জড়িত এই ব্যবসায়ী এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকও। ফালু ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে এর আগেও কয়েকটি মামলা করেছে দুদক।
