ফাইনালের আগে সুবাতাস

আপডেট : ১৬ মে ২০১৯, ০৯:৪২ পিএম

মুশফিকুর রহিম ছবিটা পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। ১৭ মিনিটের মধ্যে ‍যেখানে লাইক পড়ল ৪৮ হাজারের উপড়ে। পড়বে না! ছবিটা যে বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের।

শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় পেলেই প্রথমবারের মতো কোনো আসরে ট্রফি জয়ের স্বাদ পাবে টাইগাররা। ঠিক তার আগের দিন এই ছবি ভক্তদের মনে ছড়াল প্রশান্তির সুবাতাস।

ছবিতে দেখা যাচ্ছে- হোটেল রুমে এক বেডে বসে আছেন বাংলাদেশের ক্রিকেটের পাঁচ প্রাণ- তামিম ইকবাল, মাশরাফী বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। সবার মুখেই হাসি।

সাকিব আল হাসানের চুলগুলো কি একটু উসকু-খুসকু লাগছে? বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডর বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় পিঠের পেশিতে চোট পেয়েছেন। আঘাত তেমন গুরুতর নয় বলেই জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে খেলবেন কিনা সেই সিদ্ধান্ত হবে ম্যাচের আগে।

ফাইনালের আগে এতটুকুই যা চিন্তা। তা ছাড়া পুরো সফরটাই এখন পর্যন্ত বাংলাদেশের কাটছে মনের মতো। লিগ পর্বের চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।

যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শিরোপার লড়াই, সেই দলটিকেই এই সিরিজে দুই বারের দেখায় হারিয়েছে টাইগাররা। এবার ফাইনালে একই কাজ করতে পারলে বাংলাদেশের ক্রিকেটে রচিত হবে ইতিহাস। প্রথমবারের মতো কোনো ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয় করবে টাইগাররা।

এর আগে ত্রিদেশীয় সিরিজ বা কোনো টুর্নামেন্ট মিলে ছয় বার ফাইনালে খেললেও ব্যর্থ হতে হয়েছে টাইগারদের। সপ্তমে এসে কি সেই আক্ষেপ ঘুচবে?

এক ফ্রেমে পঞ্চপাণ্ডবের হাসিমুখ কিন্তু আশার সঞ্চার করছে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত