নিজেকে প্রতিনিয়ত অতিক্রম করে চলেছেন নজরুল সংগীত সাধক সম্পা

আপডেট : ২৪ মে ২০১৯, ০৯:৫৩ পিএম

প্রভাত বীণা তব বাজে, নজরুলের অতিপ্রিয় এই গানটি সম্পা দাসের কণ্ঠে যতটা ভালো লাগে আর কারও কণ্ঠে ততটা নয়। সম্পা দাস এই নামটি নজরুল সংগীতের জন্য যারা সার্বক্ষণিক নিবেদিত তাদের অন্যতম। বাংলাদেশে কি ভারতে নজরুল সংগীত শিল্পীদের মধ্যে যারা ইতিমধ্যে শক্ত ভিত গড়ে তুলেছেন সম্পা তাদেরই একজন। সম্পার কাজে কোন ফাঁকি নেই, নজরুলের বাণী ও সুরের প্রতি ভালোবাসা থেকেই তার নজরুল সংগীত চর্চার শুরু। শুধু কি সংগীত, নজরুল গবেষণায়ও সম্পা দাস অনন্যসাধারণ। তার লক্ষ্য দূরস্থিত। তাই তার প্রতিদ্বন্দ্বী কেউ নয়, নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। প্রতিনিয়ত নিজেকেই তিনি অতিক্রম করে চলেছেন নির্নিমেষ সাধনায়।

"কোথায় ঘনশ্যাম", "আঁধারে বাঁধ অগ্নিসেতু"- নজরুল সংগীতে এই দুটি একক অ্যালবামের মাধ্যমে নজরুলের গান সম্পা দাস ছড়িয়ে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের মাঝে। নিয়মিত দেশে ও দেশের বাইরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নজরুলের গান নিয়ে লাইভ পারফরম্যান্স তো করেই যাচ্ছেন। থাকছে স্টেজ প্রোগ্রামও। নজরুল সংগীত চর্চাই তার একমাত্র ধ্যানজ্ঞান। আর তাই উপস্থাপনা ও মডেলিংয়ে আগের মতো সময় দিতে পারছেন না সম্পা। তবে তার কর্মস্থল লালমাটিয়া মহিলা কলেজ এর কালচারাল আয়োজন, উপস্থাপনার সবকিছু তাকেই সামাল দিতে হয়। এরই মধ্যে সময় করে পিএইচডি অভিসন্দর্ভ প্রণয়নের কাজও চালিয়ে যাচ্ছেন সম্পা।

ওই যে বললাম, তার লক্ষ্য দূরস্থিত, তিনি কোনো বাহুল্য প্রচার কামনা করেন না। আমার "দেবতাগণ" কাব্যের কবিতায় আছে- " প্রচারে প্রসার বটে এই বাক্য সকলের জানা/প্রচার পটুরা তাই চায় ষোলোতে আঠারো আনা।" সম্পা ষোলোতে ষোলোআনাই চান, নিজ মেধা ও মননে। কোন বাহুল্য প্রচার প্রত্যাশা করেন না। তাই তিনি ধীরে এগিয়ে যাচ্ছেন শিল্পের পথে, তবে তার পায়ের নিচের মাটি বেশ শক্ত। লক্ষ্যে পৌঁছানোর সাধনায় নজরুল সংগীত শিল্পী সম্পা দাস ক্লান্তিহীন নিরলস একজন সাধক। কারণ তিনি জানেন তাকে যেতে হবে অনেক দূর। সমস্ত বাধা তিনি অতিক্রম করে এগিয়ে চলেছেন নজরুলকে ধ্যানজ্ঞান ও অারাধ্য ভেবে। সন্দেহ নেই, তার স্বপ্নযাত্রা সাফল্যের দোরগোড়ায় পৌঁছুবে। ইতিমধ্যে সম্পা বাংলাদেশ ও ভারতের নজরুল সংগীত অঙ্গনে নিজ গুণে উজ্জ্বল।

সংগীত খুব উচ্চমার্গীয় একটি শিল্প, চায় অখণ্ড মনোযোগ। কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের "কুদরতি রঙ্গি বিরঙ্গি" বইটা পড়তে গিয়ে আমার এই উপলব্ধি হয়েছে। সম্পার নজরুল সংগীত সাধনার মরিয়া ভাবটা আমার খুব ভালো লাগে, নজরুল সংগীত চর্চায় তিনি সর্ব প্রাণমন নিবেদিত। নিজের জীবনকে তিনি বেঁধে নিয়ে নজরুল সংগীতের বাণী ও সুরে। মুক্তি খোঁজেন নজরুলের গানে। কোনো উদ্দেশ্য বা প্রাপ্তির প্রত্যাশায় নয়, নজরুলের গান অনুরণিত হয় প্রতিক্ষণ তার মনের বীণায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত