ঝিনাইদহ সদরের পোড়াহাটি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই উপজেলার পোড়াহাটী গ্রামের আবুল কাসেমের মেয়ে তাসলিমা খাতুন (১৪) ও ঘোড়ামারা গ্রামের হুরমত আলীর ইমামুল হক (২০)।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ৮ম শ্রেণির ছাত্রী তাসলিমা খাতুন প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল এবং ঘোড়ামারা গ্রামের ইমামুল হক বাড়ি থেকে সাইকেলযোগে ঝিনাইদহ শহরে কাজে আসছিলেন।
পথে ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটি এলাকায় পেছন দিক থেকে মাইক্রোবাসটি তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।