ব্রাজিল দলের নেতৃত্ব হারালেন নেইমার

আপডেট : ২৯ মে ২০১৯, ১১:২৫ এএম

বেশ কিছু দিন ধরেই গুঞ্জন ছিল, ব্রাজিল অধিনায়কত্ব হারাতে পারেন নেইমার। শেষ পর্যন্ত আসলো আনুষ্ঠানিক ঘোষণা। আগামী মাসে হতে যাওয়া কোপা আমেরিকায় সেলেসাওদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস।

জুনের মাঝামাঝিতে ব্রাজিলে বসবে কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতার ৪৬তম আসর। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবলের ‘বিশ্বকাপ’ খ্যাত এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপের হয়ে লড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু।

সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে নেইমারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে আলভেসের হাতে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। ৫ জুন কাতারের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হবে ৩৬ বছর বয়সী আলভেসের।

গত বছর রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায়ের পর থেকে ব্রাজিল দলের নেতৃত্ব দিচ্ছিলেন নেইমার। তখন কোচ তিতে জানিয়েছিলেন, তারকা এই স্ট্রাইকারকে আরো দায়িত্ব দিতে চান তিনি।

সম্প্রতি বেশ কয়বার বাজে আচরণের জন্য সমালোচনার পাত্র হন নেইমার। এই মুহূর্তে লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে সমান তিনটি করে ম্যাচে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার। ফরাসি ফুটবলে তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা পেয়েছেন রেনের বিপক্ষে ফরাসি কাপের ফাইনালে সমর্থকের সঙ্গে বাজে আচরণ করে।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির মধ্যে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করায় তাকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিন ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা। বাজে আচরণের কারণে সমালোচনার মধ্যে থাকার মধ্যে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের হাত থেকে কেড়ে নেওয়া হলো জাতীয় দলের নেতৃত্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত