ছাগলে সবজি ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার হাটবাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন- ওই গ্রামে ইদ্রিস আলী শিকদারের ছেলে রাজু আহম্মেদ (৪০), পাতা মোল্লার ছেলে বাটুল মোল্লা (৩০), শরিফুল মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (২৮), শহিদ মোল্লা (২৫) ও মৃত মঙ্গল মন্ডলের ছেলে ইসলাম মন্ডলসহ (৫০) ১০জন। আহত অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, শুক্রবার বিকেলে ওই গ্রামের নওশের মোল্লার ছাগল একই গ্রামের আহম্মদ শিকদারের সবজি ক্ষেত খায়। আহম্মদ শিকদার ছাগল খোয়াড়ে দিলে এ নিয়ে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
