ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা মাফিয়া ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানেই আছেন বলে জানিয়েছে আমেরিকা।
ডি-কোম্পানির প্রধান দাউদের ঘনিষ্ঠ সঙ্গী জাবির মোতিওয়ালা প্রত্যর্পণ মামলায় আমেরিকার পক্ষে আইনজীবী জন হার্ডি বলেন, ‘ডি কোম্পানি নিয়ে তদন্ত করেছে এফবিআই। এর মাথা দাউদ ইব্রাহিম। তিনি পাকিস্তানেই আছেন।’
দাউদ কোথায় আছেন তা নিয়ে আন্তর্জাতিক বিশ্বে আলোচনা বহুদিনের। ভারত সব সময় দাবি করে, পাকিস্তানই দাউদকে আশ্রয় দিয়েছে। পাকিস্তান আবার এই দাবি অস্বীকার করে।
যুক্তরাষ্ট্র ২০০৩ সালে দাউদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে আখ্যা দেয়। একই সঙ্গে ইন্টারপোলও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ের ১৩টি স্থানে বিস্ফোরণ হয়। এতে সাড়ে তিন শ সাধারণ মানুষ নিহত হয়। ভারতের পুলিশের ধারণা, এ বোমা হামলায় দাউদের হাত ছিল। এরপর থেকেই তাকে ধরার জন্য খুঁজছে ভারতের পুলিশ।