১২ ‘ছাত্রীকে ধর্ষণ’: মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০২:০২ পিএম

নারায়ণগঞ্জে ১০ থেকে ১২ জন ছাত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মাহমুদপুর এলাকায় বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার আল আমিন কুমিল্লার মুরাদনগর এলাকার ভূঁইয়াপাড়া এলাকার রেনু মিয়ার ছেলে। মাদ্রাসার ভেতরে পরিবার নিয়ে থাকতেন তিনি।

র‌্যাব কর্মকর্তা আলেপ বলেন, “সম্প্রতি অক্সফোর্ড হাইস্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলামকে ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়। এই খবর দেখে ওই মাদ্রাসার এক ছাত্রী অধ্যক্ষ আল আমিনের হাতে যৌন হয়রানি হওয়ার কথা মাকে জানালে তার মা র‌্যাবে অভিযোগ দেন।

র‌্যাব অনুসন্ধানে নেমে জানতে পারে, অধ্যক্ষ আল আমিন ২০১৮ সাল থেকে এ পর্যন্ত মাদ্রাসার ১০ থেকে ১২ ছাত্রীকে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানি করেছেন।

তিনি মাদ্রাসার ভেতরে পরিবার নিয়ে থাকতেন। তার স্ত্রী যখন বাসায় না থাকলে তখন নানা কৌশলে তিনি ছাত্রীদের ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানি করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদ্রাসার অধ্যক্ষ অভিযোগ স্বীকার করেছেন বলে র‌্যাবের ঐ কর্মকর্তা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত