সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের ধাক্কায় কমলা রানী হালদার (৫২) নামে এক দিনমজুর নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কে কলারোয়া পৌর সদরের ঝিকরা হরিতলা পূজা মণ্ডপের সামনে পুকুর ধারে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কলারোয়া থানার ওসি মুনীর-উল-গীয়াস।
নিহত কমলা রানী কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত নিতাই হালদারের স্ত্রী। তিনি কলারোয়া মাছ বাজারে পানি দেওয়া ও মাছ পরিষ্কারের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো কমলা রানী সকালে বাড়ি থেকে কলারোয়া মাছ বাজারে যাচ্ছিলেন। পথে যশোর দিক থেকে আসা পাথরভর্তি ট্রাক ও সাতক্ষীরা দিক থেকে ছেড়ে আসা ঢাকা পরিবহনের ক্রসিংয়ের সময় পাথরভর্তি ট্রাকটি পুকুর ধারে উল্টে যায়। এ সময় ট্রাকের ধাক্কা খেয়ে কমলা ঘটনাস্থলেই মারা যান।
ওসি মুনীর-উল-গীয়াস বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ট্রাকটি আটক করা হয়েছে।
