ইমতিয়াজ আলী কয়েক বছর আগে সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে নির্মাণ করেন ‘লাভ আজকাল’। সেই সিনেমার সিক্যুয়ালে প্রথমবার জুটি হয়েছেন কার্তিক আরিয়ান ও সারা আলী খান।
এই নবাগত নায়কের প্রতি সাইফ আলী খানের মেয়ের অনুরাগের খবর বেশ আগেই শোনা গেছে। সাম্প্রতিক সাক্ষাৎকারে কার্তিকের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন সারা। সেখানে আরেকবার প্রকাশ পেল তাদের ঘনিষ্ঠতার বিষয়টি।
তিনি বলেন, “বিশ্বাসই হচ্ছে না কার্তিক আরিয়ানের বাইকের পেছনে বসবার জন্য টাকা পাচ্ছি। যে কোনো মেয়েই এ রকম সুযোগ পাওয়ার জন্য মরতেও রাজি আছে।”
কার্তিকের অভিনয় প্রসঙ্গে যোগ করেন, মনেই হয়নি তিনি অভিনয় করছেন। শুটিংয়ের প্রতিদিনই খুব মজায় কেটেছে।
গত বছর বলিউডে পা রাখতেই সাড়া ফেলেন সারা। পরপর উপহার দেন ‘কেদারনাথ’, ‘সিম্বা’র মতো দুই হিট ছবি। অন্যদিকে বলিউডের সম্ভাবনাময় নায়ক ধরা হচ্ছে কার্তিক আরিয়ানকে। তার সর্বশেষ ছবি ‘লুকাচুপি’ ব্যবসাসফল হয়েছে।
বলিউডে জোর গুঞ্জন, সারা-কার্তিক প্রেম করছেন। নায়ক-নায়িকার মন্তব্য ও নানান কাণ্ডে তার প্রমাণও মিলেছে। সম্প্রতি কার্তিক ‘পতি পত্নী আউর ও’ ছবির শুটিংয়ে লখনউ উড়ে গিয়েছিলেন। তার সঙ্গে দেখা করতে সারাও সেটে হাজির। শুটিং শেষে দুজনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দিল্লি উড়ে যান।
তবে অনেকেই বলছেন, সারা-কার্তিকের প্রেম বড় বেশি লোকদেখানো। ‘লাভ আজকাল’ সিক্যুয়ালের প্রচারে এই সব করছেন তারা।
