স্পিনবহর নিয়ে শ্রীলঙ্কায় যাচ্ছে নিউজিল্যান্ড

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০২:৩৯ পিএম

শ্রীলঙ্কার মাটিতে খেলা। উইকেট থাকবে স্পিনসহায়ক। বিষয়টা মাথায় রেখেই স্পিন বোলিং সমৃদ্ধ দল নিয়ে লঙ্কা সফরে আসছে নিউজিল্যান্ড। এই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে কিউই দল।

টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে রাখা হয়েছে চারজন স্পিনার।

গত বছর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডকে সিরিজ জেতানো দুই স্পিনার উইলিয়াম সামারভিল ও এজাজ প্যাটেলকে স্কোয়াডে ধরে রেখেছে কিউয়িরা। প্যাটেল গোটা সিরিজে ১৩টি উইকেট নিয়েছিলেন। সামারভিল শেষ টেস্টে নিয়েছিলেন ৭ উইকেট।

দু’জনের সঙ্গে নিউজিল্যান্ডের স্কোয়াডে রয়েছেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ও লেগ-স্পিনার টড অ্যাস্টল। স্যান্টনার নিউজিল্যান্ডের সীমিত ওভারের স্কোয়াডে নিয়মিত হলেও বেশ কিছুদিন হলো টেস্ট খেলেননি। হাঁটুর চোটের জন্য ২০১৭ ডিসেম্বর থেকে টেস্টের বাইরে রয়েছেন তিনি। চোট সারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে সফল হওয়ার পর টেস্টেও ডাকা হলো তাকে।

আর অ্যাস্টলের টেস্ট অভিষেক হয়েছিল ২০১২ সালে শ্রীলঙ্কা সফরেই।

দলে একসঙ্গে চারজন স্পিনার নির্বাচন প্রসঙ্গে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, “শ্রীলঙ্কার পিচ ও পরিবেশ-পরিস্থিতিতে তিন জন স্পিনারে দল সাজানোর সম্ভাবনা থেকেই যায়। আমাদের বিশ্বাস স্পিনারদের এই গ্রুপটা স্কিল ও বৈচিত্র্যের সঠিক মিশ্রণ ঘটাতে পারবে৷ ইংল্যান্ডও গত বছর শ্রীলঙ্কা সফরে তিন জন স্পিনার খেলিয়ে সাফল্য পেয়েছে।”

মাত্র তিন জন বিশেষজ্ঞ পেসার রয়েছে শ্রীলঙ্কা সফরের নিউজিল্যান্ড দলে। ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির সঙ্গে দায়িত্ব ভাগ করে নেবেন নেইল ওয়াগনার। পাশাপাশি পেসার-অলরাউন্ডারের ভূমিকা পালণ করবেন কলিন ডি’গ্র্যান্ডহোম। বিশ্বকাপে ২১টি উইকেট নিয়েও টেস্ট দলে জায়গা হয়নি লকি ফার্গুসনের।

গলে প্রথম টেস্ট শুরু হবে ১৪ অগস্ট থেকে। কলম্বোর পি সারা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ অগস্ট থেকে।

নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), টড অ্যাস্টল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, জিৎ রাভাল, উইলিয়াম সামারভিল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার ও বিজে ওয়াটলিং

×
সর্বশেষ সর্বাধিক পঠিত