কঙ্গনার পাগলামি দর্শক দেখছে?

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০২:৪৭ পিএম

কঙ্গনা রনৌত ও রাজকুমার রাও অভিনীত ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ মুক্তির তিন দিনে মাঝারি মানের ব্যবসা করেছে। সমালোচকেরা সিনেমাটি পছন্দ করেছেন, নতুন ধাঁচের গল্প দর্শকও গ্রহণ করেছে।

প্রকাশ কোভেলামুদির সাইকোলজিক্যাল থ্রিলার-ব্ল্যাক কমেডি ঘরানার সিনেমাটি মুক্তির দিন আয় করে ৫.৪ কোটি রুপি। শনিবার-রোববার আয় তুলনামূলকভাবে বাড়ে। মোট আয় দাঁড়ায় ২২.০৪ কোটি রুপি। আর এতে সন্তুষ্টি প্রকাশ করেছে ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ প্রযোজনা প্রতিষ্ঠান। এই নিয়ে ইনস্টাগ্রাম পোস্ট করেছে বালাজি মোশন পিকচার্স।

অবশ্য সিনেমাটির প্রথম দিনের আয় রাজুকুমারের এর আগের রিলিজ ‘এক লেড়কি কো দেখা তো অ্যাইসা লাগা’র চেয়ে বেশি। সোনম কাপুরের সঙ্গে আয় ছিল ২.৮৬ কোটি রুপি। অন্যদিকে কঙ্গনার ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ পৌনে ৯ কোটি রুপি ঝুলিতে ভরে ওপেনিংয়ে।

‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ সিনেমায় কঙ্গনার চরিত্রের নাম ববি ও রাজকুমার হয়েছেন কেশব। ভয়েস আর্টিস্ট ববি জটিল ধরনের মানসিক সমস্যায় ভুগছে। এক সময় তার বাড়ির পাশে স্ত্রী রিমাকে (অ্যামিয়া দাস্তুর) নিয়ে ওঠে কেশব। একদিন জানা যায়, রিমা খুন হয়েছে। ববি মনে করে কেশবই খুনী। তার ধারণা সত্যি নাকি কল্পনা- এই নিয়ে এগিয়ে যায় ছবির গল্প। ভারতের পাশাপাশি ইংল্যান্ড পর্যন্ত গড়িয়েছে কাহিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত